রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ রাশিয়ায় জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে রুশ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বৈঠকে উভয় দেশই স্বীকার করেছে যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। এ প্রেক্ষাপটে বাংলাদেশি জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক ও ওষুধ খাত রাশিয়ার বাজারে দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কৃষি ও স্বাস্থ্যখাতে ব্যবহার নিয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। আলোচনার অংশ হিসেবে রাশিয়ার একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলে সম্মতি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়লে বৈদেশিক আয় বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।