
রাজধানীর রমনার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন রমনা থানার একটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত প্রায় ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশকে কয়েকজন ব্যক্তি মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল ঘটনাস্থলে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। পরে সেখানে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, দিদারুল ইসলাম ও লুৎফুর নামে দুই ব্যক্তির সঙ্গে তর্কের একপর্যায়ে বিল্লাল হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগনে মোবারক হোসেন আকাশ এবং স্বজন মো. লাবলু মোল্লা দাবি করেছেন, বাবু ও লুৎফুরের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত বিল্লাল হোসেন তালুকদার পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি রাজধানীর মালিবাগের বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত ইউসুফ তালুকদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :