
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের করা ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মালকে (৫৫) র্যাব-৭ রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকায় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার মাল ভোলা জেলার চরফ্যাশন থানার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মালের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২৩ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালী থানায় দেলোয়ার মালের বিরুদ্ধে ধর্ষণ মামলা (মামলা নং-৪৪) দায়ের করা হয়। মামলার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে দেলোয়ার মাল রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :