মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রা’ণ’ গেল হেলপারের


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রা’ণ’ গেল হেলপারের

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২৮) নামে এক পিকআপ হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির হেলপার গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও পিকআপটি জব্দ করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।