
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী জিহাদ (১৫)সহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তাঁর সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক সজীবের মৃত্যু হয়। এ সময় তাঁর সহকারী জিহাদ এবং অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :