মধ্যপ্রাচ্য সংঘাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্য সংঘাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের জ্বালানি ও কৃষি খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জুন পর্যন্ত শুধু এই চার খাতেই অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে।

তিনি জানান, এর মধ্যে তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাস খাতে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সার খাতে ১ হাজার ৩৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে।

অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বেড়েছে। এর ফলে পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যয় বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র হওয়ায় দীর্ঘমেয়াদি অস্থিরতা রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক কর্মসংস্থানের ওপরও প্রভাব ফেলতে পারে।

অর্থমন্ত্রী জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং নতুন শ্রমবাজার খোঁজার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।