
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ভাদালিয়াস্থ বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এজাজুল হক আছলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ওবায়দুল্লাহ বিন জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, শিক্ষা পরিচালক, বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন মাস্টার আব্দুর রহমান ও মাওলানা ইউনুস, সিনিয়র শিক্ষক, বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা।
প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম, কার্যনির্বাহী পরিষদ সদস্য দিদারুল ইসলাম আদিল, ইফতেখারুল হক মামুন, আমান উল্লাহ, মঈনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের সুস্থ জীবন, বিশুদ্ধ বাতাস এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এলাকাবাসী পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন।
আপনার মতামত লিখুন :