
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ফারুক কালামিয়ার দোকান সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি সশস্ত্র দল সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আকস্মিক এ হামলায় তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে উদ্ধার করেন এবং দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এ বিষয়ে শামসুজ্জামান বলেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে ওই যুবককে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :