
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মকর্তার অবহেলা বা গাফিলতির কারণে প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে, তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠান। একই সঙ্গে তিনি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেন এবং সব দপ্তরের জন্য অভিন্ন রেট সিডিউল প্রণয়নের নির্দেশ দেন। এলজিইডি ও পিডব্লিউডিসহ বিভিন্ন সংস্থার আলাদা রেট সিস্টেমের কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নির্বিচারে গাছ কাটার বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পরিকল্পিত সবুজায়ন নষ্ট করে উন্নয়ন করা উচিত নয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকেও বিরত থাকতে হবে।
এদিন অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ, উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন, আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, শিশু হাসপাতাল সম্প্রসারণ, সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির প্রকল্প।
এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প আবারও আলোচনায় আসে। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রকল্পে সেতু, সড়ক, জেটি, গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোসহ বহুমুখী সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :