বাড়ছে না বিড়ির দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
বাড়ছে না বিড়ির দাম

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে নতুন অর্থবছরে বিড়ির খুচরা দামে কোনো পরিবর্তন আসছে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রশ্নোত্তরে রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি করে বিড়ির খুচরা মূল্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির দাম আরও বাড়ানো হবে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখা হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে আসন্ন অর্থবছরে বিড়ির বাজারদর ও সংশ্লিষ্ট কর কাঠামো একই থাকবে বলে জানা গেছে। অর্থনীতিবিদদের মতে, বাজেট নীতির অংশ হিসেবে বিভিন্ন পণ্যের করহার পর্যালোচনা করা হলেও এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

জাতীয় সংসদে বাজেট সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে তামাকজাত পণ্যের করনীতি ও জনস্বাস্থ্য ইস্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়। তবে চলতি বাজেটে বিড়ির দাম না বাড়ানোর সিদ্ধান্তই বহাল থাকছে।