ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৮ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

দেশের নারী ফুটবলে অবদান রাখা ঋতুপর্ণা চাকমা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ দলের ঐতিহাসিক যোগ্যতা অর্জনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলে নিজের জায়গা করে নেওয়া ঋতুপর্ণা চাকমা এখন দেশের নারী ফুটবলের অন্যতম অনুপ্রেরণার নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।