
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বেশ কয়েকটি নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষার প্রসারে স্কুলশিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর বরাদ্দ রাখা হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগও বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার উদ্যোগ থাকছে নতুন বাজেটে। এছাড়া বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সংগ্রহ লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৮ শতাংশ বৈদেশিক উৎস থেকে এবং বাকি ৫২ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সামাজিক সুরক্ষা খাতে এবার মোট বাজেটের প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে, যা নিম্নআয়ের মানুষ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে। কর ও শুল্ক ব্যবস্থায়ও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। মেট্রোরেল সেবার ওপর ২০২৮ সাল পর্যন্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি বহাল থাকবে। এছাড়া ব্যাংক ঋণ ও আমানতের ক্ষেত্রে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারী শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত প্রযোজ্য।
অন্যদিকে সোনার ওপর কর বৃদ্ধি করা হচ্ছে। প্রতি ভরি সোনার জন্য ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। পাশাপাশি দেশীয় মদের ওপর নতুন করে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্তও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামগ্রিকভাবে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন এনে অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :