
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেতুয়াবাগ বাজারে স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়েছে এক যুবক। পুলিশ এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবুলের দোকানের সামনে স্থানীয়রা তুহিন নামে এক যুবককে অস্ত্রসহ আটক করার চেষ্টা করেন। ওই সময় ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন পিস্তল ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব বিরোধের কারণে তুহিন বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নানকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেছিলেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেন জানান, পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :