গুঁড়িয়ে দেওয়া হলো ৫০টির বেশি দোকান

নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ের অভিযান


সাদুল্লাপুর প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ের অভিযান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন ও আশপাশের এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, নলডাঙ্গা রেলস্টেশন ও ১নং রেলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। একাধিকবার নোটিশ ও মাইকিং করেও এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের দখলদারিত্ব উচ্ছেদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক বলেন, এসব ব্যবসায়ী রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন। একাধিকবার তাদের সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা উপেক্ষা করেন। অভিযানে রেলওয়ের ফিল্ড কানুনগো মো. ফোরকানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।