নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ

দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে কোনো বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু রয়েছে।

তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের জন্য পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, জামানত প্রদান সাপেক্ষে একই স্কিমের আওতায় সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া স্টার্টআপ খাতের জন্য আলাদা ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। তিনি বলেন, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতির উৎপাদনশীল খাতকে শক্তিশালী করতেই এসব অর্থায়ন কর্মসূচি চালু রাখা হয়েছে।