দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে পৌর এলাকার শশারিয়াবাড়ি এলাকায় জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান এবং চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজ্জাফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের সত্যতা যাচাই করে। এ সময় বিস্ফোরণের আলামতও উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ৭ জুন দেওয়ানগঞ্জ পৌর এলাকার পশু হাসপাতাল রোড, স্টেশন পানির ট্যাংকি এলাকা, সুগার মিলস সুইপার কলোনি ও কালীতলা বাজার এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।