
খুলনার দিঘলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল সেবার আওতায় আরও বেশি নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলার আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ‘তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সারোয়ার হোসেন, তথ্য আপা প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। তাদের সামনে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং বিভিন্ন সেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে তথ্য আপা প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধা খাঁ বাবলী বলেন, নারীদের এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সেবার ব্যবহার, আত্মকর্মসংস্থানের সুযোগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সরকারি সেবা গ্রহণে তথ্য আপা প্রকল্পের সহায়তা সম্পর্কেও অবহিত করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :