ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার পলাতক আসামি ওহিদুল ইসলাম র‌্যাবের জালে


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার পলাতক আসামি ওহিদুল ইসলাম র‌্যাবের জালে

সাভারে অভিযান চালিয়ে আলোচিত ট্রাক ছিনতাই ও ট্রাকচালক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেফতারকৃত আসামি মো. ওহিদুল ইসলাম (৩৬) দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‌্যাব জানায়, গত ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ট্রাকচালক আব্দুর রহমান (৫৮) বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

তদন্তে জানা যায়, ‘মেসার্স মহামায়া ট্রেডার্স’-এর জন্য প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল পরিবহনের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান। গত ১৮ মে তিনি মাগুরা থেকে নারায়ণগঞ্জে যান এবং তেল বোঝাই করে রাতে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। নির্ধারিত সময়ে তিনি গন্তব্যে না পৌঁছালে মালিকপক্ষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফেরার পথে আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার ট্রাকচালক ওহিদুল ইসলাম ও আজাদ হোসেন হিল্টারসহ একটি সংঘবদ্ধ চক্র যুক্ত ছিল। প্রায় ১২ থেকে ১৩ জনের এই চক্রটি মাগুরা সদর উপজেলার কামারপাড়া এলাকায় ট্রাকটি থামিয়ে চালককে হত্যা করে। পরে ট্রাকে থাকা ৬০ ব্যারেল ভোজ্য তেল নামিয়ে নেয় এবং হত্যার প্রমাণ গোপনের উদ্দেশ্যে ট্রাকসহ মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকুড়া এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

তদন্তে আরও জানা যায়, মূল্যবান ভোজ্য তেল লুট করার উদ্দেশ্যেই চালককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় এর আগে পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পাশাপাশি ছিনতাইকৃত ট্রাক ও বিপুল পরিমাণ ভোজ্য তেলও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর র‌্যাব ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ৯ জুন রাতে সাভার থানার পলাশ মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৪। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ওহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।