জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই ছায়া বাজেট উপস্থাপন করা হয়। বাজেট তুলে ধরেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ২৪ দশমিক ০৯ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৫ দশমিক ১৯ শতাংশ। এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা বা ৭ দশমিক ৭৮ শতাংশ বরাদ্দের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা বা ৬ দশমিক ১৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা বা ৫ দশমিক ৭৪ শতাংশ বরাদ্দের কথা বলা হয়েছে, যা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে।

স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। উভয় খাতেই মোট বাজেটের ৫ দশমিক ৩৯ শতাংশ করে বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা বা ৫ দশমিক ১৮ শতাংশ, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা বা ৪ দশমিক ১০ শতাংশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বা ২ দশমিক ৯৭ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জামায়াতের এই বিকল্প বাজেটকে দলটি জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব হিসেবে দাবি করেছে। তবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অর্থায়ন ও রাজস্ব আহরণের উৎস নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।