
গোপালগঞ্জ সদর উপজেলায় ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ জুন) সন্ধ্যায় মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. মানিক মিয়া ও মো. সজিব খান। তাদের মধ্যে মানিক মিয়া মোল্লারহাটের সের আলী মোল্লার ছেলে এবং সজিব খান মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মান্দারতলা ইসলামাবাদ এলাকার একটি কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি মাদক ব্যবসায়ী মো. হাফিজুর রহমান বাধনের বলে জানা যায়। সেখান থেকেই ইয়াবা ও ভারতীয় মদসহ মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. হাসানুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী হিসেবে কাজ করছিল। তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ সংগ্রহ করে এলাকায় বেশি দামে বিক্রি করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মূল হোতা মো. হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :