ইসরায়েলের হামলায় লেবাননে আটজন নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
ইসরায়েলের হামলায় লেবাননে আটজন নিহত

ঘোষিত যুদ্ধবিরতি ও ইরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের তায়েরে ইসরায়েলি বিমান হামলায় একসঙ্গে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আল জাজিরা আরবিকে দেওয়া এক বিবৃতিতে সেখানকার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ইসরায়েল ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। তাদের দাবি ছিল, ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হবে। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ছিল অত্যন্ত জনবহুল এলাকায়।

এর আগের দিন রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে দাবি করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে, যা পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা থেমে আসে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল জানায়, লেবাননের দক্ষিণাঞ্চল এই সমঝোতার আওতার বাইরে থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা হবে এবং কোনো পাল্টা প্রতিক্রিয়া এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। যদিও দক্ষিণ লেবাননের সাম্প্রতিক হামলা নিয়ে এখন পর্যন্ত তেহরান নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধারাবাহিক হামলা ও পাল্টা হুঁশিয়ারি দুই পক্ষের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে।