
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাকিস্তানে তৈরি একটি রিভলভার ও এক রাউন্ড তাজা গুলিসহ খোকন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং মইনুল মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, এক অস্ত্রধারী সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলভার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. সাইদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে খোকন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানা-এ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :