
অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মূল্যায়ন চলমান রয়েছে। তবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাতিল বা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই।
নূরুল আফসার দীপু আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য গুজবের অংশ এবং এতে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়।
মন্ত্রণালয় আরও জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কিছু নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে সেই সংস্কার প্রক্রিয়ার কোথাও অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো প্রস্তাব বা ঘোষণা নেই।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল যুগে যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার কারণে অনেক সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয়। তাই তারা সবাইকে দায়িত্বশীলভাবে তথ্য শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় পুনরায় নিশ্চিত করেছে যে, উচ্চশিক্ষার মৌলিক বিষয়সমূহ বহাল থাকবে এবং শুধুমাত্র উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যেই শিক্ষাক্রম সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :