
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহৃত তিন শিশুকে ঢাকায় উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৌশলে তিন শিশুকে অপহরণ করা হয়। পরে তাদের মহানন্দা লোকাল ট্রেনে করে প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনায় সিফাতের মা মোছা. শেফালী আক্তার ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নামে পুলিশ।
অভিযানে মানবপাচার চক্রের দুই সদস্য ফতে আক্তার (৩৫) ও শাহানাজ বেগম (৪০)-কে গ্রেফতার করা হয়। তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তিন শিশুকে অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :