মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সোমবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সোমবার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ সোমবার (৮ জুন) মস্কোতে বৈঠকে বসছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর। তিনি গত ৭ জুন মস্কো পৌঁছান।

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। সফরের অংশ হিসেবে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক বিদ্যমান। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর অন্যতম ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে ডুবে যাওয়া জাহাজ ও মাইন অপসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ ও উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার হয়েছে। গত বছর চীনে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা ক্রমাগত বিস্তৃত হচ্ছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দীর্ঘদিন ধরেই ২০০ কোটি মার্কিন ডলারের বেশি। রাশিয়া বাংলাদেশে শিল্প সরঞ্জাম, গম ও খনিজ সার রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও সামুদ্রিক পণ্য আমদানি করে দেশটি।

দুই দেশের সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিট ইতোমধ্যে উৎপাদনে এসেছে। চলতি বছরের মধ্যেই দ্বিতীয় ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া জ্বালানি খাতে গ্যাস অনুসন্ধান, গ্যাজপ্রমের বিভিন্ন প্রকল্প এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমেও দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বৃত্তি কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১৮৫টি বৃত্তি বরাদ্দ করেছে রাশিয়া।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সহযোগিতার পথ উন্মুক্ত করতে পারে।