
রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে বাধা দেওয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর এবং তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানাধীন হোটেল সোনারগাঁওয়ের অভ্যন্তরীণ গেট দিয়ে দুটি গাড়ি প্রধান সড়কে ওঠার চেষ্টা করে। সে সময় সোনারগাঁও মোড়ে উত্তরমুখী যান চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরিয়ে নিতে নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, নির্দেশনা উপেক্ষা করে গাড়িগুলো জোরপূর্বক সামনে এগিয়ে যেতে থাকে। এ সময় গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এসে পুলিশ সদস্যকে জানান, গাড়িতে গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাই পেছানো সম্ভব নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক কনস্টেবল গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে আফিয়া কনক নামে এক নারী গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সড়কে আছড়ে ভেঙে ফেলেন। একই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে।
ঘটনার পরপরই গাড়িটি আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে আফিয়া কনকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাধা ও হামলার ঘটনায় ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :