এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। আগামী বছর নতুন চারটি বিষয় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে বিদ্যমান সমস্যা ও দুর্নীতির চিত্র উঠে আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে তা সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ও মোবাইল সেবা আরও সহজ করা হবে। একই সঙ্গে ফল প্রকাশকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা জটিলতা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত তাদের পরবর্তী শিক্ষাজীবনের পরিকল্পনা গ্রহণ করতে পারবে।