
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকার কাছাকাছি সমুদ্রগর্ভে। শক্তিশালী এই কম্পনে একাধিক এলাকায় বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও আংশিক ধসে পড়ার খবর পাওয়া গেছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে ৩ জন, জেনারেল সান্তোস শহরে ৩ জন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশে ২ জন রয়েছেন।
প্রায় ৭ লাখ ২০ হাজার জনসংখ্যার জেনারেল সান্তোস শহরের দক্ষিণে সমুদ্রের নিচে ভূমিকম্প আঘাত হানার পরপরই উপকূলীয় এলাকায় বসবাসকারীদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একাধিক আফটারশক অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ছিল ৬ দশমিক ৫ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামির প্রভাব দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :