২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে আগামী ২৮ জুন দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

মাউশির তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে অংশ নেবে দেশের ১৮ হাজার ৯০৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমের পাশাপাশি জলবায়ু সচেতনতা বিষয়ক ব্যানার, ফেস্টুন এবং র‌্যালির আয়োজন করা হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

এছাড়া স্থানীয় পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় পর্দায় কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্ত থাকবেন।

মাউশি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং বক্তব্য রাখার বিষয়েও সম্মতি পাওয়া গেছে। এই কর্মসূচিকে দেশের সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।