স্কুলছাত্রীকে হেনস্তার অভিযোগে আগরদাড়ীতে সহকারী শিক্ষক আটক, এলাকায় উত্তেজনা


আব্দুর রশিদ সাতক্ষীরা। প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
স্কুলছাত্রীকে হেনস্তার অভিযোগে আগরদাড়ীতে সহকারী শিক্ষক আটক, এলাকায় উত্তেজনা

সাতক্ষীরায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয়।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মুস্তাফিজুর রহমান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক ছাত্রীকে অনৈতিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং উত্তেজিত হয়ে মারধর করে।

খবর পেয়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের কাছ থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে শিক্ষা অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের দাবি, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে তারা জানান। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।