
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে ওঠা এই উইঙ্গারকে ঘিরে স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল জানান, স্পেন বিশ্বকাপের শিরোপা জিততে পারলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। একই সঙ্গে উদযাপনের অংশ হিসেবে ভক্তদের মধ্যে ১০০টি হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দেন। ইয়ামাল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা বিশ্বকাপ জিতলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি হেডফোন উপহার দেব।’
বার্সেলোনার এই তারকার জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। তবে বড় আন্তর্জাতিক আসরে খেলার অভিজ্ঞতা তার নতুন নয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বড় টুর্নামেন্টে স্নায়ুচাপ সামাল দেওয়ার শিক্ষা তাকে আরও পরিণত করেছে।
তার ভাষায়, ‘প্রথম ম্যাচ থেকেই অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। কিন্তু একটি ম্যাচ খারাপ গেলেই সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট দীর্ঘ হয়, তাই ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।’
ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন ইয়ামাল। তিনি স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল বিশ্বের সেরা ফুটবলারের এই পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে উপলব্ধি করেন, তখনও এ সম্মানের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না।
তিনি বলেন, ‘আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।’ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, তার সঙ্গে সম্পর্ক বেশ ভালো এবং বিভিন্ন সময়ে পাওয়া পরামর্শ ও সমর্থন তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হবে স্পেন। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। তরুণ ইয়ামালকে সামনে রেখে এবার শিরোপার স্বপ্ন দেখছে স্পেন।
আপনার মতামত লিখুন :