ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বরের মৃ’ত্যু’


ভাঙ্গা উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বরের মৃ’ত্যু’

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা গ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পিয়াস একটি নতুন নির্মাণাধীন ভবনের ভেতরে পানির পাইপ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় ভবনের ভিতরে থাকা একটি বৈদ্যুতিক তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি সেটি টেপ দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পিয়াসের আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে পরিবার মুহ্যমান; নিহতের মা প্রায় ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেন, সামান্য অসাবধানতাও প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। সকলকে বিদ্যুৎ সংক্রান্ত কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।