
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) জন্য নতুন মূল বেতন নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মাসিক মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল।
বর্তমানে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এপিএস ও পিএস পদে নিয়োগপ্রাপ্তরা নবম গ্রেডে বেতন পেয়ে থাকেন। ওই গ্রেডের মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতন ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেল।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।
তবে এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। নতুন কাঠামোর আওতায় নিয়োগপ্রাপ্তরা কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন না। তবে বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।
এছাড়া তারা পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে বিদ্যমান বিধি ও বেতন কাঠামো বহাল থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কার্যালয়ে দায়িত্ব পালনকারী অস্থায়ী এপিএস ও পিএসদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে এবং পদগুলোতে দক্ষ জনবল আকৃষ্ট করা সহজ হবে।
আপনার মতামত লিখুন :