বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার, নজরুল ইসলাম  প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং দেশের স্টিল শিল্প চরম সংকটের মুখোমুখি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। এই অবস্থায় বিদ্যুতের নতুন মূল্যহার পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএসএমএ নেতৃবৃন্দ বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্টিল শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে দীর্ঘদিনের মন্দা, উচ্চ সুদের হার, ডলারের অস্থিতিশীলতা, গ্যাস সরবরাহের ঘাটতি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে শিল্পখাত ইতিমধ্যে চাপের মুখে রয়েছে।

সংগঠনের তথ্যানুযায়ী, দেশে প্রায় ৪০টি আধুনিক স্টিল মিল ও ১৫০টির বেশি রি-রোলিং মিল পরিচালিত হচ্ছে। উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ১২ মিলিয়ন মেট্রিক টন হলেও চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ কারখানা অর্ধেকেরও কম ক্ষমতায় চলছে। বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির ফলে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ব্যয় প্রায় ১,৭৮৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভ্যাট, ফুয়েল সারচার্জ, হুইলিং চার্জ ও অন্যান্য খরচ যুক্ত করলে তা প্রায় ৩,৫৬০ টাকায় পৌঁছাতে পারে।

বিএসএমএ নেতারা আরও বলেন, স্টিল শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পখাত হিসেবে কর্মসংস্থান, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং নীতিনির্ধারকদের প্রতি বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিল্পখাতকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে উৎপাদনমুখী শিল্পের জন্য সহনীয় বিদ্যুৎ মূল্য নিশ্চিত করা জরুরি।”