
বান্দরবান পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ব্রিগেড এলাকা সংলগ্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
রোববার (৮ জুন ২০২৬) বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে মোহাম্মদ দেরাজ মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূঁইয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।
এ সময় বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসনের একটি দল সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :