বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার মনোনীত শাহজাহান চৌধুরী এমপি


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার মনোনীত শাহজাহান চৌধুরী এমপি

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্যানেল স্পিকার (সভাপতিমণ্ডলীর সদস্য) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য স্পিকার কর্তৃক মনোনীত প্যানেল স্পিকারদের তালিকায় তিনি পঞ্চম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ক্রমানুসারে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়া এবং চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং সংসদ নেতা ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য একটি বড় সম্মান। সংসদীয় গণতন্ত্রকে সুসংহত রাখা এবং অধিবেশনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনাই হবে তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই সম্মান ব্যক্তিগত নয়; এটি সাতকানিয়া-লোহাগাড়ার জনগণের সম্মান। দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তিনি এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আলহাজ্ব শাহজাহান চৌধুরী একাধিকবার চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই সংসদ সদস্য অতীতেও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় পর্যায়ে তাঁর নেতৃত্বে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।