ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে মৃত্যুর সংখ্যা এখনও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার (৮ জুন) সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ১৩৪ জন।

দেশটির সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সংঘটিত হয়েছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো একটি গভীর সামুদ্রিক খাদের কাছাকাছি অবস্থিত, যেখানে ভূত্বকীয় পাতগুলোর সংঘর্ষ নিয়মিত ঘটে থাকে।

সংস্থাটির ব্যাখ্যায় বলা হয়েছে, সমুদ্রের তলদেশে একটি ভূত্বকীয় পাত অন্য একটি পাতের নিচে ঢুকে যাওয়ার কারণে এই শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রক্রিয়া মাঝেমধ্যে ভয়াবহ ভূমিকম্পের জন্ম দেয়।

ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত হওয়ায় প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। অনেক সময় এসব কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। একই সময়ে আরও কয়েকটি ভূমিকম্পে আরও অন্তত আটজন প্রাণ হারান।

এদিকে ফিলিপাইনের এই ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।