পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে ভারত থেকে অবৈধ পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোরভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পুশইন বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে এবং এ বিষয়ে কূটনৈতিকভাবে আপত্তি জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর একটি নির্দিষ্ট আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণও বিজিবিকে সহযোগিতা করছেন।

এদিকে পুশইনের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলবে এ বৈঠক।

বিজিবি সূত্র জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, চোরাচালান প্রতিরোধ এবং সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে সাম্প্রতিক পুশইনের ঘটনাগুলো বাংলাদেশ পক্ষ গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

কূটনৈতিক ও সীমান্ত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যুর পাশাপাশি সীমান্তে মানবাধিকার ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে উভয় পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও সংলাপ আরও জোরদার করা প্রয়োজন।