
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (৮ জুন) সকালে বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, বিদ্যমান দুর্বলতা, স্মার্ট গ্রিড ব্যবস্থা, পারমাণবিক বিদ্যুৎ সংযুক্তির চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগেই সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে একটি ন্যাশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-কে গবেষণা ও একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে নিউক্লিয়ার বিদ্যুৎ ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিদেশি পরামর্শকদের মাধ্যমে এসব প্রস্তাবনা মূল্যায়ন করা হবে। তাদের সুপারিশ অনুযায়ী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কয়লা ও সৌরবিদ্যুতের দিকে অগ্রসর হয়েছে এবং এখন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। তবে এ ক্ষেত্রে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তা না হলে বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এ ধরনের ঝুঁকি এড়াতে একটি কার্যকর স্মার্ট গ্রিড ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ও ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পিজিসিবিকে।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি উচ্চপ্রযুক্তিনির্ভর ও জটিল ব্যবস্থা। তাই জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :