
নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে ডাসকো ফাউন্ডেশন আয়োজন করেন সভাটি, যা ‘এনগেজ’ প্রকল্পের আওতায় আয়োজিত ছিল।
সভায় সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম।
বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরেন্দ্র অঞ্চলে খরা বাড়ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এছাড়াও অবৈধ ইটভাটার কারণে ফসলি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার গুরুত্বে জোর দেন।
সভায় নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির (গাঁজা সোসাইটি) পড়ে থাকা বিপুল জমি ও বহুতল ভবন সরকারি তদারকিতে এনে লিজ বা বাণিজ্যিক ব্যবহারের দাবি জানানো হয়। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি সম্ভব হবে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সভায় স্থানীয় সিএসও প্রতিনিধি, পরিবেশকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :