পরিচালক নির্বাচিত সাঈদ বিন জামান সৌরভ

ঢাকা বিভাগের ক্রিকেট উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
ঢাকা বিভাগের ক্রিকেট উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি

ক্রিকেটপ্রেমী সাঈদ বিন জামান সৌরভ ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়ন ও প্রতিভা বিকাশে নতুন প্রত্যাশা জাগিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

৭ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব, জেলা ও বিভাগীয় ক্যাটাগরির মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। পরে তাদের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন সম্পন্ন হয়। ঢাকা বিভাগের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৌরভ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের ছেলে, সাঈদ বিন জামান সৌরভ।

ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের তার সম্পৃক্ততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার কারণে তার নির্বাচন ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। স্থানীয় ক্রীড়ামহল মনে করছে, তার দায়িত্ব গ্রহণের ফলে ঢাকা বিভাগের ক্রিকেট উন্নয়ন, তরুণ প্রতিভা বিকাশ এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলায় নতুন গতি আসবে।

ছোটবেলা থেকেই ক্রিকেটে প্রবল আগ্রহী সাঈদ বিন জামান সৌরভ ক্রিকেটকে কেবল খেলা নয়, বরং তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম হিসেবে দেখেন। ২০০২ সালে গ্রামে অনুষ্ঠিত একটি বিশেষ ক্রিকেট ম্যাচের মাধ্যমে তিনি আধুনিক ক্রিকেট সরঞ্জাম সাধারণ খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়েছিলেন, যা স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল।

স্থানীয়রা জানান, সাঈদ বিন জামান সৌরভ নিয়মিতভাবে গ্রামে ক্লাব ও খেলোয়াড়দের খোঁজখবর নেন এবং ব্যাট, বল, জার্সি সহ বিভিন্ন উপকরণ দিয়ে উৎসাহিত করেন। তার নির্বাচনের ফলে দেওয়ানগঞ্জে মিনি স্টেডিয়াম নির্মাণসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নের সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন: জামালপুর জেলা থেকে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল থেকে মিজানুর রহমান।

নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করার প্রত্যাশা সংশ্লিষ্টরা ব্যক্ত করেছেন।