
২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে মাঠে নামতে পারলে বিশ্ব ফুটবলের ইতিহাসে একাধিক অনন্য রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাবেন এই কিংবদন্তি ফুটবলার।
বর্তমানে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। আগামী আসরে অংশ নিলে তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়বেন।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও বর্তমানে মেসির দখলে। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে তিনি নিজের এই রেকর্ডকে আরও দীর্ঘায়িত করার সুযোগ পাবেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্পর্শ করা কঠিন হয়ে উঠতে পারে।
গোলের রেকর্ডেও নতুন ইতিহাস লেখার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি গোল করেছেন মেসি। অন্যদিকে, জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা ১৬ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। ফলে আর মাত্র তিনটি গোল করলেই ক্লোজার রেকর্ড স্পর্শ করবেন মেসি, আর চারটি গোল তাকে বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতায় পরিণত করবে।
শুধু গোল নয়, বিশ্বকাপে সর্বাধিক মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সবচেয়ে বেশি গোল অবদানের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেও নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে তার সামনে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়ার সেই মুহূর্ত ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়েছে। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি স্বর্ণালী অধ্যায়। যেখানে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের খাতায়ও নতুন ইতিহাস লিখে যেতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
আপনার মতামত লিখুন :