আলোচিত তিন ঘটনায় পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আলোচিত তিন ঘটনায় পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন এবং জীবন ঝুঁকিতে ফেলে মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে একাধিক পুলিশ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী জোন, নৌ পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কয়েকজন কর্মকর্তা। আলোচিত মামলার সফল তদন্ত ও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিএমপির পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন, এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। তারা অত্যন্ত স্বল্প সময়ে আসামিকে গ্রেফতার, ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে মামলাটির দ্রুত বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অন্যদিকে, ঈদুল আজহার পর দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী বাসে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষা করেন নৌ পুলিশের সদস্যরা। নিজেদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিনজন নৌ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়।

এদিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা কিশোরীর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনেও বিশেষ সাফল্য দেখিয়েছে পিবিআই। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মাত্র একদিনের মধ্যে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচন এবং চার আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করেন পিবিআই মুন্সিগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিনজন কর্মকর্তা। তাদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।