আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে আরও বেশি উৎসাহিত ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা আরও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যরা কতটা আন্তরিকতা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। তাদের ভালো কাজের স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি উৎসাহিত করতে চাই। যাতে তারা জনগণের আস্থা অর্জনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।”

সালাহউদ্দিন আহমদ জানান, সম্প্রতি আলোচিত তিনটি ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় অবদান রাখা কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌ-পুলিশের তৎপরতায় যাত্রীদের প্রাণরক্ষায় ভূমিকা রাখা সদস্য এবং মুন্সিগঞ্জে সংঘটিত গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা পুলিশ সদস্যরা রয়েছেন।

তিনি বলেন, এসব ঘটনায় দায়িত্ব পালনকারী মোট ১৫ জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে পুরস্কার তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সম্মাননা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পুলিশের ভালো কাজের যথাযথ মূল্যায়ন করলে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে উৎসাহিত হবেন।

সরকার ভবিষ্যতেও দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত ও সম্মানিত করার ধারাবাহিকতা বজায় রাখবে বলেও জানান তিনি।