
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশনে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে এই প্যানেলের সদস্যরা সংসদের সভাপতিত্ব করবেন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর এ মনোনয়ন দেওয়া হয়। মনোনীত প্যানেল সদস্যরা হলেন—সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। তারা সংসদের অধিবেশন পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এই বাজেট অধিবেশন আহ্বান করেন। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেটে বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, সুদ পরিশোধের ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের প্রভাব থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
বাজেট অধিবেশন ঘিরে সংসদে ইতোমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :