
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় ঘোষিত রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৭ জুন) রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার নথি হাইকোর্টে পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়, প্রধান আসামি সোহেল রানা সব অপরাধ স্বীকার করেছে এবং শিশুটিকে ধর্ষণ করে হত্যা করেছে। অন্য আসামি স্বপ্না আক্তার সোহেলকে ঘটনার পর পালাতে সহায়তা করার দায়ে দোষী সাব্যস্ত হন। বিচারক আরও বলেন, আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় এবং যথাযথ শাস্তি না দিলে ন্যায়বিচার ব্যর্থ হবে।
রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করা হয়, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পুলিশ মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন, এরপর দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়। মাত্র পাঁচ কর্মদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে রায় ঘোষণা করা হয়, যা সংশ্লিষ্টদের মতে নজিরবিহীন।
আপনার মতামত লিখুন :