৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জুনের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে হ্রাস দেখা গেছে।

তবে চলতি অর্থবছরের সামগ্রিক চিত্রে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। মে মাসে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলারের বেশি। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ডলার, আর অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ ও ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মাসভিত্তিক ওঠানামা স্বাভাবিক বলে মনে করছেন তারা।