সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী পূর্ব মাসের কার্যবিবরণীর ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

পুলিশ সুপার সভায় উপস্থিত সকল পদমর্যাদার সদস্যদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি অফিসার ফোর্সদের সার্ভিস রুলস মেনে পেশাদারিত্বের সঙ্গে ডিউটি করার নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার আরও নির্দেশ দেন মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলের ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার বিষয়ে।

এছাড়া দীর্ঘ কর্মজীবন সফলভাবে সম্পন্ন করার সম্মান জানিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম শেখকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার তার সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও পুলিশ বাহিনীর প্রতি নিবেদিত সেবার ভূয়সী প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত ও মোঃ ইমরান খান, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।