
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি, নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক, আমিনুর রহমান আমিন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শাহাজান রনি মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সাতক্ষীরায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে জেলা পর্যায়ে নতুন নেতৃত্ব নির্ধারণের দাবি তোলেন তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে আন্দোলন-সংগঠন শক্তিশালী হবে।
তারা সাতক্ষীরা জেলা যুবদলে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান। সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
আপনার মতামত লিখুন :