লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৬ জুন) রাতে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত সেনাদের একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার (৪ জুন) লেবানন সীমান্ত এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার (৫ জুন) পৃথক আরেক ঘটনায় নিহত হন সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১)। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আইডিএফের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ওহাদ ইয়ারি দুর্ঘটনাজনিত গোলাগুলির শিকার হয়ে নিহত হতে পারেন। ঘটনাটি তদন্ত করতে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর দেড় শতাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ও সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থানে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সীমান্ত এলাকায় উত্তেজনা পুরোপুরি কমেনি। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে।